লিওনেল মেসিকে নিয়ে কল্পনা-কল্পনা যেন থামছেই না। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে কোথায় পাড়ি দিবেন তা নিয়ে এখনো কিছু আনুষ্ঠানিক নয়। তবে জানা গেছে, ইতিমধ্যে আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আর গুঞ্জন সত্যি হলে, বছরপ্রতি ২৯২ কোটি টাকা বেতন পাবেন ৬ বারের ব্যালন জয়ী।
এমনটাই জানাচ্ছেন ক্রীড়া সাংবাদিক ও ক্লাব ফুটবলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। মঙ্গলবার তিনি জানিয়েছেন, বার্ষিক ২৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২৯২ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি।
রোমানো আরও জানিয়েছেন, ২ বছরের জন্য এই বেতনে মেসির সঙ্গে চুক্তি করেছে প্যারিসের ক্লাবটি। তবে মেসি চাইলে ২ বছর পর এই পরিমাণ বেতনে ২০২৪ সাল পর্যন্ত পিএসজিতে স্থায়ী হতে পারেন। আর এসব ঘোষণা আর কয়েক ঘন্টার মধ্যেই আসতে পারে বলে মত এই ক্রীড়া সাংবাদিকের।
যদিও বা এখনো কিছুই আনুষ্ঠানিক নয়। তবে এই মুহুর্তে এত উচ্চ বেতনে মেসিকে দলে ভেড়ানোর ক্ষেত্রে যে সব ক্লাবের সামর্থ্য রয়েছে তাঁদের মধ্যে ফ্রান্সভিত্তিক এই ক্লাবটি অন্যতম। তাছাড়া পিএসজিতে মেসির যাবার আরেকটি কারণ নেইমার জুনিয়র। বার্সায় থাকাকালীন সময়ে এই দুইজনের বন্ধুত্বের খবর সবারই জানা। এখন অপেক্ষা আনুষ্ঠানিকতার।


0 Comments
Thank You so much for your comments